দিনাজপুরের বিরলে ট্রেনে কাটা পড়ে জামাল (৫৪) নামের এক শ্রবণপ্রতিবন্ধী ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ৩ নম্বর ধামইড় ইউনিয়নের ধামইর গ্রামের ডিপপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জামাল ওই গ্রামের কছির মোহাম্মদের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির পাশে ডিপপাড়া এলাকায় বাঁশ কাটার কাজ করছিলেন জামাল। কাজের ফাঁকে তিনি পাশে থাকা রেললাইনে গিয়ে বসেন। এ সময় পঞ্চগড় থেকে ছেড়ে আসা রাজশাহীগামী একটি ট্রেন তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তিনি শ্রবণপ্রতিবন্ধী হওয়ায় ট্রেনের বাঁশি বা আসার শব্দ শুনতে পাননি বলে জানান স্থানীয়রা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দিনাজপুর রেলওয়ে (জিআরপি) থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফখরুল ইসলাম জানান, নিহত ব্যক্তি শ্রবণশক্তি প্রতিবন্ধী ছিলেন। রেললাইনে বসে থাকা অবস্থায় দূর্ঘটনাটি ঘটে।
এ ঘটনায় দিনাজপুর জিআরপি থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা (নং-১১, তারিখ: ১৮/০৯/২০২৬) দায়ের করা হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি।