নিজস্ব প্রতিনিধি : শারদীয় দুর্গাপূজাকে ঘিরে উৎসবের আমেজে সেজেছে নেত্রকোণা। জেলার বিভিন্ন উপজেলায় এবার ৫৪০টি মণ্ডপে দুর্গাপূজার আয়োজন চলছে। উৎসব নির্বিঘ্ন রাখতে প্রতিটি মণ্ডপে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন।
দুর্গাপূজাকে সামনে রেখে রোববার (৪ অক্টোবর) নেত্রকোণা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও সচেতন নাগরিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান।
সভায় ৫৪০টি পূজামণ্ডপের সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রতিটি মণ্ডপে নিরাপত্তার দায়িত্বে থাকবে পুলিশ, আনসার ও স্বেচ্ছাসেবকরা। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি ঠেকাতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার পাশাপাশি পূজা উদযাপন কমিটির সঙ্গে নিয়মিত সমন্বয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
মণ্ডপগুলোতে পর্যাপ্ত আলোর ব্যবস্থা নিশ্চিত করা, সন্দেহজনক গতিবিধির ওপর নজরদারি এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে বিশেষ নজরদারি রাখা হয়েছে। পাশাপাশি জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও পূজা উদযাপন কমিটির মধ্যে নিয়মিত সমন্বয় সভার মাধ্যমে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।
সভায় জেলা পরিষদের প্রশাসক মো. নুরুজ্জামান (এড.), পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম, নেত্রকোণা ৩১ বিজিবির অধিনায়ক, স্থানীয় সরকারের উপপরিচালক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, দুর্গাপূজা ধর্মীয় উৎসবের পাশাপাশি সম্প্রীতি ও সৌহার্দ্যেরও প্রতীক। তাই সকলের সম্মিলিত সহযোগিতায় শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপন নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নিয়েছে।