আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের ঈদযাত্রা নিরাপদ, স্বস্তিদায়ক ও যানজটমুক্ত রাখতে ঢাকা ব্যাটালিয়ন (৫ বিজিবি) এর উদ্যোগে বিশেষ নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এর অংশ হিসেবে সাভারের নবীনগর এলাকার গুরুত্বপূর্ণ মহাসড়কে যানবাহন চলাচল নিয়ন্ত্রণে বিজিবি প্লাটুন মোতায়েন করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সড়কে শৃঙ্খলা বজায় রাখা, তীব্র যানজট নিরসন, জনসাধারণের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং নির্বিঘ্নে যানবাহন চলাচল নিশ্চিত করতে বিজিবি সদস্যরা মাঠে নেমেছেন। তারা স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সার্বিক সমন্বয়ের মাধ্যমে এই দায়িত্ব পালন করবেন।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, দেশবাসী যেন কোনো ধরনের ভোগান্তি ছাড়াই নির্বিঘ্নে ও স্বাচ্ছন্দ্যে নিজ নিজ গন্তব্যে পৌঁছাতে পারেন, সে লক্ষ্যে বিজিবি সদস্যরা সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছেন।
জনস্বার্থে নেওয়া বিজিবির এই সময়োপযোগী কার্যক্রম মহাসড়কে বিশৃঙ্খলা রোধ করতে এবং সাধারণ মানুষের ঈদযাত্রাকে আরও নিরাপদ ও সুশৃঙ্খল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা।