কেরানীগঞ্জ থেকে মাওয়া ঘুরতে মাত্র ২০০ টাকা নিয়ে বের হয়েছিল চার শিশু। পরিবারের কাউকে না জানিয়ে বের হয়ে তারা তেঘরিয়া রেলস্টেশন থেকে ট্রেনে চড়ে মাওয়া রেলওয়ে স্টেশনে পৌঁছায়। সেখানে ঘোরাঘুরি শেষে তাদের সঙ্গে থাকা টাকা শেষ হয়ে গেলে বাড়িতে ফেরার পথ নিয়ে বিপাকে পড়ে শিশুরা।
পরে মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার চন্দ্রের বাড়ি বাজার এলাকায় কান্নাকাটি করতে দেখে স্থানীয়দের নজরে আসে চার শিশুর বিষয়টি। এ সময় স্থানীয় অটোচালক মো. ফারুক শিশুদের কাছে গিয়ে তাদের সঙ্গে কথা বলেন। পরিস্থিতি বুঝতে পেরে তিনি চার শিশুকে নিরাপদে উদ্ধার করে বিষয়টি পদ্মা সেতু থানায় জানান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চার শিশুকে নিজেদের হেফাজতে নেয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হয়।
পুলিশ জানায়, সন্তানদের খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন। পরে পুলিশের উদ্যোগে চার শিশুকে নিরাপদে তাদের পরিবারের কাছে পৌঁছে দেওয়া হয়।
স্থানীয় অটোচালক মো. ফারুকের তাৎক্ষণিক উদ্যোগ এবং পুলিশের সহযোগিতায় শেষ পর্যন্ত নিরাপদে পরিবারের কাছে ফিরতে সক্ষম হয় চার শিশু।