চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্সে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৮টায় নিয়মিত মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। এতে সালামি গ্রহণ করেন চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মোঃ মাসুদ আলম, বিপিএম। জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যরা প্যারেডে অংশ নেন।
প্যারেড পরিদর্শনকালে পুলিশ সদস্যদের টার্ন-আউট, শৃঙ্খলা, ড্রিল ও দায়িত্ব পালনের প্রস্তুতি পর্যবেক্ষণ করেন পুলিশ সুপার। দায়িত্ব পালনে পেশাদারিত্ব, সময়ানুবর্তিতা ও শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি জনগণের সঙ্গে দায়িত্বশীল ও সৌজন্যমূলক আচরণ নিশ্চিত করতে সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন তিনি।
পুলিশ সুপার মোঃ মাসুদ আলম বলেন, পুলিশের প্রতিটি সদস্যের শৃঙ্খলা, দক্ষতা ও দায়িত্ববোধই কার্যকর ও জনবান্ধব পুলিশিংয়ের ভিত্তি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রত্যেক সদস্যকে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
মাস্টার প্যারেড শেষে জেলা পুলিশের বিভিন্ন যানবাহন পরিদর্শন করেন পুলিশ সুপার। এ সময় যানবাহনগুলোর সামগ্রিক অবস্থা, রক্ষণাবেক্ষণ, ব্যবহারযোগ্যতা ও সার্বক্ষণিক প্রস্তুতি সম্পর্কে খোঁজখবর নেন। জরুরি প্রয়োজনে দ্রুত ব্যবহারের উপযোগী রাখতে যানবাহনগুলো যথাযথভাবে রক্ষণাবেক্ষণের জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি।
নিয়মিত মাস্টার প্যারেডের মধ্য দিয়ে জেলা পুলিশের সদস্যদের শৃঙ্খলা, দক্ষতা, দায়িত্ববোধ ও অপারেশনাল প্রস্তুতি আরও সুসংহত করার ওপর গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে জননিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্ব পালনে পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠা বজায় রাখার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।