‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৬’ উপলক্ষে রাজশাহীতে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শুক্রবার (২৬ জুন) সকাল ১০টায় জেলা প্রশাসন, রাজশাহী এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রাজশাহীর যৌথ উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
রাজশাহীর মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কাজী শহিদুল ইসলাম-এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনু, এমপি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার), পিএইচডি, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মোঃ এরশাদ আলী ঈশা, রাজশাহীর পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মোঃ আলী আসলাম হোসেন।
এছাড়াও বিভাগীয় ও জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীজন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা র্যালি ও আলোচনা সভায় অংশগ্রহণ করেন।
জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ভূমিমন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনু বলেন, “মাদকের ভয়াবহ ছোবলে অনেক পরিবার নিঃস্ব হয়ে গেছে। মাদক কারবারীরা দেশ, জাতি ও সমাজের শত্রু। তাদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। তবে শুধু আইন প্রয়োগ করলেই হবে না, সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ হয়ে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।”
আলোচনা শেষে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধিতে অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বক্তারা মাদকমুক্ত সমাজ গঠনে সরকারি উদ্যোগের পাশাপাশি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং সমাজের সকল স্তরের মানুষের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।