1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
ওসমানীনগরে এসএসসিতে যমজ দুই ভাই-বোনের চমক - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
সাপের কামড়, সড়ক দুর্ঘটনা ও বিদ্যুৎস্পৃষ্ট—চৌদ্দগ্রামে এক দিনে ৩ মৃত্যু লালমনিরহাটে জুয়ার প্রতিবাদ করায় শিক্ষককে কুপিয়ে হত্যাচেষ্টা, প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার পটুয়াখালীতে ‘নারিকেল বাগান প্রকল্পের’ উদ্বোধন শিবালয়ের তেওতায় মাদকমুক্ত সমাজ গড়ার দাবিতে যুবসমাজের সমাবেশ ও বিশাল বিক্ষোভ মিছিল বিসিকে সিলগালা গুদাম থেকে ২ কোটি টাকার জব্দ মালামাল গায়েব,তদন্তে কতৃপক্ষ রাঙ্গাবালীতে সামুদ্রিক প্রতিবেশ সংরক্ষণে সরকারি প্রতিষ্ঠানগুলোর সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ ছাতকে চাঁদাবাজ রনি কর্তৃক অপপ্রচারের প্রতিবাদে দুইগ্রামের সংবাদ সম্মেলন আন্তর্জাতিক যুব দিবসে নারায়ণগঞ্জে জামায়াতের যুব বিভাগের র‍্যালি বিশ্ব হাতি দিবসে কাপ্তাইয়ে র‍্যালি ও আলোচনা সভা ভাঙ্গা ভূমি অফিসে ৩ কোটি ৩৮ লাখ টাকা রাজস্ব আদায়, জনসেবায়ও অনন্য সাফল্য

ওসমানীনগরে এসএসসিতে যমজ দুই ভাই-বোনের চমক

– একজন অনুজীববিজ্ঞানী অন্যজন হতে চান বায়োকেমিক্যাল ইঞ্জিনিয়ার

reporter মোঃ রাজন আহমদ, ওসমানীনগর (সিলেট)
calendar প্রকাশিত: ১৩ আগস্ট, ২০২৬, ১২:১৯ অপরাহ্ণ

একসঙ্গে জন্ম, একসঙ্গে বেড়ে ওঠা, একই বিদ্যালয়ে পড়াশোনা এবার এসএসসি পরীক্ষার ফলাফলেও চমক দেখিয়েছে সিলেটের ওসমানীনগরের যমজ দুই ভাই-বোন রাহীম আহমদ ও মাহি সুলতানা আহমদ। তারা দুজনই জিপিএ-৫ অর্জন করেছে। তাদের বিদ্যালয় মঙ্গলচণ্ডী নিশিকান্ত সরকারি মডেল উচ্চবিদ্যালয় থেকে এবার মোট ৯ জন জিপিএ-৫ পেয়েছে। যমজ দুই শিক্ষার্থীর এমন সাফল্যে পরিবার, শিক্ষক ও এলাকাবাসীর মধ্যে বইছে আনন্দের জোয়ার।

রাহীম ও মাহি ওসমানীনগর উপজেলার তাজপুর সদর ইউনিয়নের দশহাল গ্রামের ইতালি প্রবাসী হেলাল আহমদ ও গৃহিণী জাসমিন সুলতানার যমজ সন্তান। তারা মঙ্গলচণ্ডী নিশিকান্ত সরকারি মডেল উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী। মা-বাবা, বিদ্যালয়ের শিক্ষক ও অনলাইন শিক্ষা প্ল্যাটফর্মের শিক্ষকদের উৎসাহ-অনুপ্রেরণায় তারা এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেছে।

প্রকাশিত ফলাফলে রাহীম আহমদ ১ হাজার ১৬৭ এবং মাহি সুলতানা আহমদ ১ হাজার ৮৭ নম্বর পেয়েছে। উপজেলায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে তাদের প্রাপ্ত নম্বর সর্বোচ্চ না হলেও ফলাফলটি উল্লেখযোগ্য। ভবিষ্যতে রাহীম অনুজীববিজ্ঞানী এবং মাহি বায়োকেমিক্যাল ইঞ্জিনিয়ার হতে চায়।

মঙ্গলচণ্ডী নিশিকান্ত সরকারি মডেল উচ্চবিদ্যালয়ে এবার এসএসসি পরীক্ষায় মোট ১৮৫ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১০৭ জন। জিপিএ-৫ পেয়েছে ৯ জন। রাহীম ও মাহি ছাড়াও স্বরূপ বৈষ্য, রিয়াজ আহমদ রোহান, চয়ন নন্দী পুরকায়স্থ, মৌমিতা দাশ গুপ্ত, জহুরা আক্তার, চন্দ্রিমা পাল ও মৌমিতা সরকার শশী জিপিএ-৫ অর্জন করেছে।

এলাকাবাসী জানান, ছোটবেলা থেকেই রাহীম ও মাহি পড়াশোনায় মনোযোগী। প্রতিদিন ৩-৪ ঘণ্টা পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমেও তাদের আগ্রহ ছিল। বাড়ির পাশের একই বিদ্যালয়ে পড়াশোনা করা এই যমজ দুই শিক্ষার্থীকে ভালো ফলাফলের জন্য মা-বাবা সব সময় উৎসাহ ও অনুপ্রেরণা দিয়েছেন।

পরিবারের সদস্যরা জানান, দুই ভাই-বোনের মধ্যে পড়াশোনা নিয়ে সব সময়ই ছিল সুস্থ প্রতিযোগিতা। একজন পড়াশোনায় মনোযোগী হলে অন্যজনও উৎসাহিত হতো। পরীক্ষার প্রস্তুতির সময় বিভিন্ন বিষয়ে তারা একে অপরকে সহযোগিতা করেছে। সম্মিলিত প্রচেষ্টার ফলেই এবারের কাঙ্ক্ষিত সাফল্য এসেছে।

সাফল্যের অনুভূতি জানিয়ে রাহীম আহমদ বলেন,ফলাফলে আমরা খুব আনন্দিত। মা-বাবা ও শিক্ষকদের প্রতি কৃতজ্ঞ। ভবিষ্যতে অনুজীববিজ্ঞানী হয়ে দেশের মানুষের জন্য কাজ করতে চাই।

মাহি সুলতানা আহমদ বলেন,আমাদের সবচেয়ে বড় অনুপ্রেরণা মা-বাবা ও শিক্ষকরা। আমরা দুজনই ভালোভাবে পড়াশোনা করে ভবিষ্যতে নিজেদের স্বপ্ন পূরণ করতে চাই।

মঙ্গলচণ্ডী নিশিকান্ত সরকারি মডেল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহীদ হাসান বলেন,ফলাফল বিপর্যয়ের মধ্যেও আমাদের শিক্ষার্থীরা ভালো ফলাফল করেছে। যমজ দুই শিক্ষার্থী অত্যন্ত মেধাবী ও পরিশ্রমী। পড়ালেখার ধারাবাহিকতা বজায় রাখতে পারলে তারা ভবিষ্যতে আরও ভালো করবে বলে আশা করি।

এদিকে, ওসমানীনগরে এবার ২১টি উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় ১ হাজার ৯০৩ জন অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ৯৭১ জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২৯ জন। একটি মাধ্যমিক বিদ্যালয়ের ভোকেশনাল শাখা থেকে ৪৫ জন পরীক্ষার্থী অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ৩২ জন এবং জিপিএ-৫ পেয়েছে একজন। এছাড়া ১১টি মাদ্রাসা থেকে ৭১২ জন দাখিল পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ৩৭০ জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৫ জন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com