কুমিল্লার চৌদ্দগ্রামে পৃথক ঘটনায় সাপের কামড়, বিদ্যুৎস্পৃষ্ট ও সড়ক দুর্ঘটনায় নারী-পুরুষসহ তিনজন নিহত হয়েছেন।
গত বুধবার (১২ আগস্ট) উপজেলার গুণবতী, মুন্সিরহাট ও চৌদ্দগ্রাম পৌরসভা এলাকায় এসব ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন—গুণবতী ইউনিয়নের ঝিকড্ডা পূর্ব-দক্ষিণপাড়ার জাহাঙ্গীর কবির মনু মিয়ার ছেলে আল জাবির অভি, পৌরসভার শ্রীপুর এলাকার সামছুল হক এবং মুন্সিরহাট ইউনিয়নের বাসন্ডা গ্রামের মাদ্রাসাশিক্ষক গোলাম সারোয়ার বুলবুলের স্ত্রী বিলকিছ আক্তার।
চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রশিদ আহমেদ তোফায়েল বুধবার বিকেলে পৃথক তিনটি মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে গুণবতী ইউনিয়নের ঝিকড্ডা গ্রামে বাড়ির সামনে বিষধর সাপের কামড়ে আহত হন আল জাবির অভি। প্রায় এক ঘণ্টা পর অসুস্থ হয়ে পড়লে স্বজনেরা তাকে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
অন্যদিকে, বুধবার সকালে মুন্সিরহাট ইউনিয়নের বাসন্ডা গ্রামে বাড়ির উঠানে বৈদ্যুতিক তারে কাপড় শুকাতে দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন বিলকিছ আক্তার। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ছাড়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নবগ্রাম রাস্তার মাথায় সড়ক পার হওয়ার সময় অজ্ঞাতনামা একটি গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন পৌরসভার শ্রীপুর বরকন্দাজ বাড়ির সামছুল হক। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রশিদ আহমেদ তোফায়েল বলেন, ‘বিলকিছ আক্তার ও সামছুল হককে হাসপাতালে আনার আগেই তাঁদের মৃত্যু হয়। আর সাপের কামড়ে আহত আল জাবির অভিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পর তাঁর মৃত্যুর খবর পাওয়া যায়।’ পৃথক তিন ঘটনায় একই দিনে তিনজনের মৃত্যুতে সংশ্লিষ্ট এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।