দুই বাংলার জনপ্রিয় সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তী গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। হৃদ্যন্ত্রে জটিলতা দেখা দেওয়ায় শনিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়।
ভারতীয় বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, চিকিৎসকের পর্যবেক্ষণে বর্তমানে নচিকেতার অবস্থা স্থিতিশীল।
গায়কের ঘনিষ্ঠ সূত্রগুলোর বরাত দিয়ে জানা যায়, গত কয়েক দিন ধরে তার শারীরিক অবস্থা ভালো ছিল না। অসুস্থতার কারণে তিনি আসানসোলে নির্ধারিত একটি শো বাতিল করেন। আজ রবিবার (৭ ডিসেম্বর) তার আরেকটি শোতে অংশ নেওয়ার কথা থাকলেও শারীরিক পরিস্থিতি বিবেচনায় সেটিও স্থগিত করা হয়েছে। আপাতত আগামী দিনের সব শো বাতিল রাখা হয়েছে।
এর আগে ২০২৩ সালের ফেব্রুয়ারিতে অসুস্থতার কারণে নচিকেতাকে একটি শো বাতিল করতে হয়েছিল। সে সময় পরিবার জানিয়েছিল, তিনি সারভাইকাল স্পন্ডিলাইটিসে ভুগছিলেন—যা শীতে বেড়ে যায় এবং টানা শো করার ফলে আরও জটিল হয়ে ওঠে। তবে এবারের অসুস্থতা ভিন্ন; এবার তিনি হৃদ্যন্ত্র–সংক্রান্ত জটিলতায় চিকিৎসাধীন।
এই বিষয়ে নচিকেতার পরিবার এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। এদিকে ভক্তরা সামাজিক মাধ্যমে তার দ্রুত আরোগ্য কামনা করছেন।