মোঃ রমজান শেখ,(মানিকগঞ্জ): গতকাল শনিবার (৩ অক্টোবর) সকাল ৮টায় মানিকগঞ্জের শিবালয় উপজেলার টেপড়া মডেল মসজিদে ‘তালিমুল কুরআন বিভাগের উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। পবিত্র কুরআন তিলাওয়াতের মধ্য দিয়ে দিনব্যাপী এই মহতী আয়োজনের সূচনা হয়।
শিবালয় উপজেলা শাখার আমীর হাফেজ হাতেম আলীর সভাপতিত্বে উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্র শূরা সদস্য, কর্মপরিষদ সদস্য ও ঢাকা উত্তর অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা দেলোয়ার হোসাইন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ঢাকার বিশিষ্ট চিকিৎসক ডা. আবু বকর সিদ্দিক। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা নায়েবে আমীর অ্যাডভোকেট আনোয়ার হুসাইন, মানিকগঞ্জের কর্মপরিষদ সদস্য অধ্যাপক আনোয়ারুল্লাহ এবং মাওলানা ওমর ফারুক। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আবু তালেব ও শামসুল হক।
শিবালয় উপজেলা তালিমুল কুরআন বিভাগের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এই কর্মশালায় অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে কুরআন শিক্ষা ও এর প্রসারের গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা বলেন, সমাজে শুদ্ধভাবে কুরআন তিলাওয়াত ও ইসলামী মূল্যবোধ ছড়িয়ে দিতে এই ধরনের কর্মশালার কোনো বিকল্প নেই। প্রতিটি কর্মীকে নিজ নিজ এলাকায় কুরআনের আলো পৌঁছে দেওয়ার এবং ব্যক্তি ও সমাজ জীবনে কুরআনের অনুশাসন মেনে চলার উদাত্ত আহ্বান জানান তারা।
বক্তারা বিভিন্ন দিক-নির্দেশনামূলক বক্তব্য দিয়ে উপস্থিত প্রায় কয়েক শতাধিক কর্মীকে আলোকিত করেন। পরিশেষে, দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি এবং সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে কর্মশালার সমাপ্তি ঘোষণা করা হয়।