মোঃ লুৎফর রহমান, বিরল (দিনাজপুর) : সমাজ থেকে অপরাধ দূরীকরণ, ধর্মীয় সম্প্রীতি রক্ষা এবং নতুন প্রজন্মকে নৈতিক শিক্ষায় গড়ে তুলতে আলিম-ওলামা ও ইমামদের ভূমিকা অনস্বীকার্য বলে মন্তব্য করেছেন দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক।
শনিবার দুপুরে বিরল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় ইমাম সমিতি বিরল উপজেলা শাখা আয়োজিত সুবিশাল ‘ইমাম সম্মেলন’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এমপি সাদিক রিয়াজ চৌধুরী পিনাক তাঁর বক্তব্যে আরও বলেন, “ইমামগণ কেবল নামাজের নেতৃত্বই দেন না, তাঁরা সমাজের দিশারী। সমাজের সামাজিক ব্যাধি ও নৈতিক অবক্ষয় রোধে মিম্বার থেকে দেওয়া তাঁদের দিকনির্দেশনামূলক বার্তা অত্যন্ত কার্যকর। ধর্মীয় ও সামাজিক উন্নয়নে আলেমদের মর্যাদা রক্ষায় এবং তাঁদের কল্যাণে সরকার সর্বদা আন্তরিক।”
জাতীয় ইমাম সমিতি বিরল উপজেলা শাখার সভাপতি মুফতী ফয়সাল রশীদীর সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সংগঠনটির দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা সোহরাব হোসাইন।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন বিরল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আল এমরান, উপজেলা বিএনপির সভাপতি বাবুল হোসেন, জাতীয় ইমাম সমিতি বিরল পৌর শাখার সভাপতি হাফেজ মাওলানা মোঃ শহিদুল ইসলাম এবং উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ ক্বারী মাওলানা মোঃ আরমান আলী।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংসদ সদস্যের ব্যক্তিগত কর্মকর্তা নাজমুল ইসলাম, জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক এম আক্কাস আলী, উপজেলা বিএনপির সহ-সভাপতি এডভোকেট আব্দুল বাকি, রেজাউল ইসলাম বাদশা, ফিরোজ আলী, পৌর বিএনপির সহ-সভাপতি আসাদুল হক হিরা, দপ্তর সম্পাদক লুৎফর রহমান, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, উপজেলা কৃষকদলের সভাপতি বেলাল হোসেন, স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আসাদুল ইসলাম, মৎস্যজীবীদলের সভাপতি শহিদুল ইসলাম এবং বিরল আলিম মাদ্রাসার প্রভাষক ও পৌর ওলামাদলের আহ্বায়ক হাফেজ মাওলানা মোঃ ফেরদৌস হোসেনসহ এলাকার আলেম-ওলামা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।