সীতাকুণ্ড (চট্রগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন করে সেই আয়োজনের ভিডিও ফেইসবুকে প্রকাশ এবং ‘জয় বাংলা’সহ বিভিন্ন স্লোগান দেওয়ার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতাকে আটক করেছে পুলিশ। গত শুক্রবার (২ অক্টোবর) উপজেলার কদম রসূল এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন—সোনাইছড়ি ইউনিয়নের কেশবপুর এলাকার মোহাম্মদ রসূল হকের ছেলে মো. ইজাজুল হক এবং ভাটিয়ারী ইউনিয়নের কদম রসূল এলাকার সালে জহুরের ছেলে মো. শাহ নেওয়াজ রাফি।
পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি শেখ হাসিনার জন্মদিন পালন করে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ করা হয়। পুলিশের দাবি, ভিডিওতে ১১ জনের একটি দলকে একসঙ্গে জন্মদিন উদ্যাপন করতে এবং ‘জয় বাংলা’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
ওই ভিডিওর সূত্র ধরে ইজাজুল হক ও শাহ নেওয়াজ রাফিকে শনাক্ত করা হয়। পরে শুক্রবার কদম রসূল এলাকা থেকে তাদের আটক করে পুলিশ।
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম বলেন, ফেইসবুকে শেখ হাসিনার জন্মদিন পালনের ভিডিও প্রকাশের বিষয়টি প্রাথমিকভাবে যাচাই করে দুই যুবককে আটক করা হয়েছে। নিষিদ্ধ সংগঠনের কর্মকাণ্ডে তাদের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।