মানিকগঞ্জের শিবালয়ে ২ হাজার পিস ইয়াবাসহ জাহানারা খাতুন (৪১) নামে এক নারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। গত শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার তেওতা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের জমদুয়ারা গ্রামে এ ঘটনা ঘটে।আটক জাহানারা খাতুন পাবনা জেলার সাঁথিয়া থানার কাশিনাথপুর গ্রামের সরেমানের স্ত্রী। বর্তমানে তিনি পাবনার সুজানগর থানার নাজিরগঞ্জ এলাকায় বসবাস করছেন বলে জানা গেছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, জাহানারা খাতুন দীর্ঘদিন ধরে জমদুয়ারা এলাকায় যাতায়াত করতেন এবং স্থানীয় ইদ্রিসের ছেলে ইন্না মিয়ার কাছে ইয়াবার চালান সরবরাহ করতেন। শুক্রবার তাকে ইন্না মিয়ার বাড়ির সামনে ঘুরতে দেখে স্থানীয় লোকজনের সন্দেহ হয়। পরে তারা তাকে আটক করে আশ্রয়ণ প্রকল্প এলাকায় নিয়ে যান এবং শিবালয় থানা পুলিশে খবর দেন।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই নারীকে হেফাজতে নেয়। এ সময় স্থানীয়দের উপস্থিতিতে তার সাথে থাকা ব্যাগ তল্লাশি চালিয়ে ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।স্থানীয় এক নারী বাসিন্দা জানান, গত এক মাস ধরে জাহানারা কয়েক দফায় ইন্না মিয়ার কাছে ইয়াবার চালান পৌঁছে দিয়েছিলেন।
শিবালয় থানার কর্মকর্তা জানান, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ইয়াবাসহ অভিযুক্ত নারীকে আটক করে থানায় নিয়ে এসেছে। উদ্ধার করা মাদকদ্রব্য জব্দ করা হয়েছে এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এছাড়া এই চক্রের সাথে জড়িত অন্য কারবারিদের চিহ্নিত করে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।