কক্সবাজার -চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ার
উপজেলার খুটাখালী ইউনিয়ন নয়াপাড়া বায়তুল মামুর জামে মসজিদের সামনে বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে যাত্রীবাহী লেগুনা ও বাসের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছে, এই ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছে।
নিহতরা হলেন চকরিয়ার খুটাখালী সেগুনবাগিচা গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে মো. জসিম উদ্দিন (২৫), ফুলছড়ি শিয়াপাড়ার মৃত মনজুর আলমের ছেলে মো. শাহেদ (২৭), ইদগাঁও উপজেলার মৃত আবুল কাশেমের ছেলে মোহাম্মদ রফিক (২৮) এবং আমিনুল হকের ছেলে মো. জিয়াবুল হক (২৫)।
মালুমঘাট হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ সামশুজ্জামান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকালে নোয়াখালী সদর থেকে ছেড়ে আসা লাল সবুজ পরিবহনের একটি চেয়ার কোচ কক্সবাজারের দিকে যাচ্ছিল। বিপরীত দিকে ইদগাঁও থেকে যাত্রী নিয়ে একটি লেগুনা চকরিয়ার দিকে আসছিল। খুটাখালী নয়াপাড়া এলাকায় পৌঁছালে বাসটি লেগুনাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে লেগুনাটি দুমড়েমুচড়ে গিয়ে ভেতরে থাকা যাত্রীরা গুরুতর আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল ও মালুমঘাট খ্রিষ্টান মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যান। চিকিৎসাধীন অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে শাহেদ, রফিক ও জিয়াবুল হকের মৃত্যু হয়। অন্যদিকে মালুমঘাট খ্রিষ্টান মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জসিম উদ্দিন।
মালুমঘাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) ওসমান গনি জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত বাস ও লেগুনা জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।