বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোনের সার্বিক ব্যবস্থাপনায় চট্টগ্রাম চক্ষু হাসপাতালে সফল চক্ষু অপারেশন শেষে ৩১ জন পাহাড়ি ও বাঙালি রোগী সোমবার (২৭ জুলাই ২০২৬) সন্ধ্যায় দীঘিনালায় ফিরে আসেন।
তাদের ফিরে আসাকে কেন্দ্র করে দীঘিনালা জোনে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
জানা যায়, দুপুর ১টা ৪০ মিনিটে চট্টগ্রাম চক্ষু হাসপাতাল থেকে রওনা হয়ে সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে রোগীরা দীঘিনালা জোনে পৌঁছান। সেখানে আগে থেকেই অপেক্ষমাণ স্বজনরা তাদের স্বাগত জানান। দীর্ঘদিন পর প্রিয়জনদের চোখের দৃষ্টি ফিরে পাওয়ার আনন্দে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন।
চক্ষু অপারেশন শেষে সুস্থ হয়ে ফেরা রোগীরা বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, সেনাবাহিনীর এই মানবিক উদ্যোগের ফলে এলাকার অসহায় ও দরিদ্র দৃষ্টিপ্রতিবন্ধী মানুষ নতুন করে আলোর মুখ দেখার সুযোগ পেয়েছেন। এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকলে আরও অনেক মানুষের জীবনমান উন্নত হবে।
স্থানীয়রা জানান, দীঘিনালা জোনের এমন জনকল্যাণমূলক কার্যক্রম পার্বত্য অঞ্চলের সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।