আরাম ও নগর বাসের অতিরিক্ত ভাড়া বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন স্থানীয় যাত্রী ও এলাকাবাসী। ১৫ মে ২০২৬ ইং, শুক্রবার, সকাল ১১টার দিকে উপজেলার বালাশুর চৌরাস্তায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, মাত্র ২৫ কিলোমিটার দূরের হলদিয়া-কনকশা রোডে ভাড়া নেওয়া হয় ৬০ টাকা, একই দূরত্বের ঢাকা-দোহার রোডে বালাশুর পর্যন্ত ভাড়া ৯০ টাকা আদায় করা হচ্ছে। এতে সাধারণ যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। বিশেষ করে শিক্ষার্থী, শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষ প্রতিদিন অতিরিক্ত ভাড়ার চাপে কষ্টে পড়েছেন।
ব্যানারে উল্লেখ করা হয়, অতিরিক্ত ভাড়া আদায়ের কারণে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পাচ্ছে এবং অনেকেই নিয়মিত যাতায়াতে সমস্যার সম্মুখীন হচ্ছেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা কয়েকটি দাবি তুলে ধরেন। দাবিগুলোর মধ্যে রয়েছে— অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ করতে হবে, যাত্রীদের সঙ্গে হয়রানিমূলক আচরণ বন্ধ করতে হবে, ন্যায্য ভাড়া নিশ্চিত করতে হবে এবং জনগণের দুর্ভোগ লাঘবে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়।
বিক্ষোভকারীরা দ্রুত সমস্যার সমাধান না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন। পরে শান্তিপূর্ণভাবে মানববন্ধন কর্মসূচি শেষ হয়।