খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় দিনব্যাপী বিনামূল্যে চক্ষু শিবির ও মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ৮টা থেকে দুপুর পর্যন্ত দীঘিনালা মডেল বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ সেবা কার্যক্রম পরিচালিত হয়।
দুর্গম পাহাড়ি এলাকার সাধারণ মানুষের কাছে বিশেষায়িত চিকিৎসা সেবা পৌঁছে দিতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে আয়োজকরা জানান। ক্যাম্পেইনটির আয়োজন করে দীঘিনালা জোন, খাগড়াছড়ি রিজিয়ন। সার্বিক তত্ত্বাবধানে ছিল লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতাল, চট্টগ্রাম এবং লায়ন্স ক্লাব অব চিটাগং প্রেসিডেন্ট সাউথ। এতে সহযোগিতা করে রোটারি ক্লাব অব চিটাগং পোর্ট সিটি, রোটারি ক্লাব অব চিটাগং খুলশী সেন্ট্রাল এবং বীর মুক্তিযোদ্ধা মং রাজা মংপ্রুসাইন বাহাদুর ফাউন্ডেশন।
আয়োজক সূত্রে জানা যায়, ক্যাম্পে আগত রোগীদের বিনামূল্যে চক্ষু বিশেষজ্ঞদের মাধ্যমে চোখ পরীক্ষা, প্রয়োজন অনুযায়ী চশমা বিতরণ এবং ছানি রোগীদের জন্য স্বল্প খরচে অপারেশনের ব্যবস্থা রাখা হয়। পাশাপাশি সাধারণ রোগীদের চিকিৎসা সেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ করেন দীঘিনালা জোনের মেডিক্যাল অফিসাররা।
দিনব্যাপী এই ক্যাম্পে মোট ৯৩৭ জন রোগী চিকিৎসা সেবা গ্রহণ করেন। এর মধ্যে ৭৬২ জন ছিলেন চক্ষু রোগী এবং ১৭৫ জন অন্যান্য রোগে আক্রান্ত। এছাড়া প্রায় শতাধিক ছানি রোগীর অপারেশনের জন্য তালিকাভুক্ত করা হয়েছে বলে জানা গেছে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, দুর্গম অঞ্চলের মানুষ যাতে সহজেই বিশেষজ্ঞ চিকিৎসা সেবা পেতে পারেন, সেই লক্ষ্যেই এ ধরনের ক্যাম্প আয়োজন করা হচ্ছে। বিশেষ করে চোখের সমস্যায় ভোগা বয়স্ক ও ছানি রোগীদের সেবা নিশ্চিত করাই তাদের প্রধান উদ্দেশ্য।
স্থানীয় বাসিন্দারা জানান, পাহাড়ি এলাকায় চিকিৎসা সেবার সুযোগ সীমিত হওয়ায় এ ধরনের উদ্যোগ তাদের জন্য অত্যন্ত উপকারী। তারা নিয়মিত এ ধরনের ক্যাম্প আয়োজনের দাবি জানান।