মোঃ রিপন শেখ, ভাঙ্গা (ফরিদপুর:ফরিদপুরের ভাঙ্গায় অজ্ঞাতনামা গাড়ির ধাক্কায় সামর আলী (৩৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
রোববার (৪ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে ভাঙ্গা থানার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত সামর আলী জামালপুরের ইসলামপুর উপজেলার কুড়ালচর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।
জানা গেছে, ঢাকা থেকে পিকআপযোগে খুলনায় পাইলিংয়ের কাজে যাচ্ছিলেন সামর আলী। ভাঙ্গা থানার সামনে পিকআপ থামিয়ে নাস্তা শেষে রাস্তার দক্ষিণ পাশ থেকে উত্তর পাশে যাওয়ার সময় গোপালগঞ্জ থেকে ঢাকাগামী অজ্ঞাত একটি গাড়ি তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হয়ে সড়কের পাশে পড়ে যান।
পরে সহকর্মীরা তাকে দ্রুত ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
ভাঙ্গা হাইওয়ে থানা এসআই সোহেল রহমান জানান,, মহাসড়ক রাস্তা পারাপারের সময় গোপালগঞ্জ থেকে ঢাকাগামী অজ্ঞাত একটি গাড়ি তাকে ধাক্কা দেয়। পরে তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।