মোঃ ইসমাইল হোসাইন ফুলবাড়ী (কুড়িগ্রাম)
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ১২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ৩ অক্টোবর ২০২৬ রাত আনুমানিক ৯টা ৫০ মিনিটে ফুলবাড়ী থানা পুলিশের একটি চৌকস দল উপজেলার ২য় ধরলা সেতু চেকপোস্টে অভিযান চালায়। এ সময় বগুড়া জেলা সদরের কালসীমাটি দক্ষিণপাড়া ২১ নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দা বাবুল আহমেদ (৩২) ও মোকসেদুল মন্ডল (৩৩)কে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ১২ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করে পুলিশ।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ হাসান নাইম বিষয়টি নিশ্চিত করে বলেন, ফুলবাড়ী থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ১২ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও একটি মোটরসাইকেল জব্দসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
তিনি আরও বলেন, ফুলবাড়ী থানাকে মাদকমুক্ত করতে পুলিশ বদ্ধপরিকর। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।