1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :

ডিমলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

  • আপডেট সময় : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ১ দেখেছেন

‘দুর্যোগে প্রস্তুতি, রক্ষা পাবে প্রাণ ও সম্পদ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডিমলা উপজেলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।

গত সোমবার (১০ মার্চ) সকালে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে দিবসটি বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হয়।

সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। র‍্যালিতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের প্রতিনিধি, জনপ্রতিনিধি, স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

র‍্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রশাসক ইমরানুজ্জামান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নীলফামারী-1 আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুল সাত্তার।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশ ভৌগোলিক অবস্থানের কারণে একটি দুর্যোগপ্রবণ দেশ। বন্যা, ঘূর্ণিঝড়, নদীভাঙন, অগ্নিকাণ্ডসহ বিভিন্ন প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ প্রায়ই দেশের মানুষের জীবন ও সম্পদের ওপর বিরূপ প্রভাব ফেলে। এসব দুর্যোগে ক্ষয়ক্ষতি কমাতে হলে আগাম প্রস্তুতি গ্রহণ এবং জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি।

তিনি আরও বলেন, সরকারের পাশাপাশি সাধারণ মানুষকেও দুর্যোগ মোকাবিলায় সচেতন ও প্রস্তুত থাকতে হবে। দুর্যোগের সময় কীভাবে দ্রুত প্রতিক্রিয়া জানাতে হবে, কীভাবে নিরাপদ স্থানে আশ্রয় নিতে হবে এবং কীভাবে নিজের ও অন্যের জীবন রক্ষা করা যায় সে বিষয়ে সবাইকে অবগত থাকতে হবে।

তিনি বলেন, জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালনের মাধ্যমে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি পায় এবং দুর্যোগ মোকাবিলায় বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ তৈরি হয়। এ ধরনের মহড়া ও প্রশিক্ষণ মানুষের মধ্যে আত্মবিশ্বাস বাড়ায় এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত ও কার্যকরভাবে কাজ করতে সহায়তা করে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রওশন কবীর, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা মীর হাসান আল বান্না, উপজেলা নির্বাহী প্রকৌশলী সোহেল রানা, জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য অধ্যক্ষ মনোয়ার হোসেন, উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা মুজিবুর রহমান, উপজেলা জামায়াতের সেক্রেটারি রোকনুজ্জামান বকুলসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

আলোচনা সভা শেষে দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অগ্নিকাণ্ড বিষয়ক একটি মহড়া প্রদর্শন করা হয়। মহড়ায় অগ্নিকাণ্ডের সময় করণীয়, আগুন নেভানোর প্রাথমিক কৌশল, নিরাপদে উদ্ধার কার্যক্রম পরিচালনা এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত প্রতিক্রিয়া জানানোর বিভিন্ন বিষয় বাস্তবভাবে প্রদর্শন করা হয়। এতে উপস্থিত ব্যক্তিরা আগ্রহের সঙ্গে মহড়াটি পর্যবেক্ষণ করেন।

আয়োজকরা জানান, প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে এবং জনগণকে সচেতন ও প্রস্তুত রাখতে প্রতিবছর জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন করা হয়। এ ধরনের কর্মসূচি মানুষের মধ্যে দুর্যোগ মোকাবিলার সক্ষমতা বৃদ্ধি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দুর্যোগ ঝুঁকি কমাতে স্থানীয় পর্যায়ে নিয়মিত মহড়া, প্রশিক্ষণ ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখা হবে, যাতে যে কোনো দুর্যোগ পরিস্থিতিতে দ্রুত ও কার্যকরভাবে মোকাবিলা করা সম্ভব হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.