সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মাহমুদাবাদ, মোগলাবাজারে খাইরুল উম্মাহ ইনস্টিটিউটের উদ্যোগে পবিত্র মাহে রামাদানের তাৎপর্য শীর্ষক এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উদীয়মান তরুণ ইসলামী বক্তা মুফতি শাহিদুর রহমান মাহমুদাবাদী প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল, খাইরুল উম্মাহ ইনস্টিটিউট সিলেট।
খতিব,সিটিংবর্ন ইসলামিক কালচার সেন্টার ইউ কে। প্রতিষ্ঠানটির আয়োজনে ৬ মার্চ, শুক্রবার বিকেলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য আলেম-ওলামা, সমাজসেবী, শিক্ষাবিদ, তরুণ শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। বক্তারা তাদের বক্তব্যে পবিত্র মাহে রামাদানের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বলেন, রামাদান আত্মশুদ্ধি, তাকওয়া অর্জন এবং মানবিক মূল্যবোধ জাগ্রত করার মাস। এ মাসে বেশি বেশি ইবাদত-বন্দেগি, কোরআন তিলাওয়াত, দান-সদকা এবং অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যমে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের প্রতি গুরুত্বারোপ করেন তারা।
একান্ত আলাপকালে মুফতি শাহিদুর রহমান মাহমুদাবাদী বলেন, পবিত্র মাহে রামাদান মানুষের আত্মসংযম, ধৈর্য ও সহমর্মিতার শিক্ষা দেয়। এই বরকতময় মাসকে যথাযথভাবে কাজে লাগিয়ে ব্যক্তি ও সমাজজীবনে নৈতিকতা, তাকওয়া ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা করার আহ্বান জানান তিনি।
আলোচনা সভা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। দোয়া শেষে উপস্থিত সকলের মাঝে ইফতার পরিবেশন করা হয়। এ সময় খাইরুল উম্মাহ ইনস্টিটিউটের চলমান ও অসম্পূর্ণ উন্নয়নমূলক কার্যক্রম সম্পন্ন করতে দেশ ও প্রবাসে অবস্থানরত সকল শুভানুধ্যায়ীর আন্তরিক সহযোগিতা কামনা করা হয়।