বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চরাদি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ফাহাদ খাঁনকে কুপিয়ে হত্যা চেষ্টার মামলার আসামি হলতা ইউনিয়ন পরিষদের সদস্য আমিনুল ইসলাম রানাকে আটক করেছে র্যাব-১০।
র্যাব-১০ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এক অভিযানে আমিনুল ইসলাম রানাকে আটক করা হয়। তিনি ফাহাদ খাঁনকে কুপিয়ে গুরুতর আহত করার ঘটনায় দায়ের করা মামলার অন্যতম আসামি।
আইনশৃঙ্খলা বাহিনী জানায়, ঘটনার পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-১০ এর সদস্যরা অভিযান চালিয়ে তাকে আটক করতে সক্ষম হয়।
আটককৃত আমিনুল ইসলাম রানার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে র্যাব।