মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার কেউটখালী এলাকায় ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। নিহতরা হলেন—ঢাকার মদিনাবাগ, মুগদা এলাকার বাসিন্দা আরিফ (পিতা: হারুন) এবং ফরিদপুর জেলার বাসিন্দা মামুন।
শ্রীনগর ফায়ার স্টেশনের এক কর্মকর্তা জানান, ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়ের কেউটখালী এলাকায় একটি মোটরসাইকেল সড়কের রেলিংয়ের সঙ্গে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলে থাকা দুই আরোহী নিহত হন।
দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে অবহিত করলে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহগুলো হাসাড়া হাইওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।