৪ জানুয়ারি চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের ১১ জন প্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ৭ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ এবং ৪ জনের মনোনয়নপত্র অবৈধ ও বাতিল ঘোষণা করা হয়েছে। গত শনিবার (৩ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে এই কার্যক্রম সম্পন্ন হয়। বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন বিএনপির এনামুল হক এনাম, জামায়াতে ইসলামীর ডা. ফরিদুল আলম, গণঅধিকার পরিষদের ডা. এমদাদুল হাসান, ইসলামী ফ্রন্টের ছৈয়দ এয়ার মো. পেয়ারু, ইসলামী আন্দোলনের এস.এম. বেলাল নুর, ইনসানিয়াত বিপ্লবের আবু তালেব হেলালী এবং জাতীয় পার্টির (এরশাদ) ফরিদ আহমদ চৌধুরী। অপরদিকে ঋণখেলাপির কারণে এলডিপি প্রার্থী এম. এয়াকুব আলীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এছাড়া দলীয় মনোনয়নপত্রের সত্যতা যাচাই না হওয়ায় জাতীয় পার্টি প্রার্থী ও সাবেক সংসদ সদস্য সিরাজুল ইসলামের মনোনয়নপত্র অবৈধ ও বাতিল ঘোষণা করা হয়েছে এবং মিথ্যা তথ্য প্রদানের অভিযোগে স্বতন্ত্র প্রার্থী শাখাওয়াত হোসাইন ও কেন্দ্রীয় বিএনপি নেতা সৈয়দ সাদাত আহমদের মনোনয়নপত্রও বাতিল করা হয়েছে। রিটার্নিং অফিসার জানান, অবৈধ ঘোষিত প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে আপিল করতে পারবেন। তিনি আরও বলেন, “আগামী ১২ ফেব্রুয়ারি উৎসবমুখর পরিবেশে ভোট অনুষ্ঠিত হবে। এজন্য সকল প্রার্থীকে নির্বাচনী আচরণবিধি মেনে চলতে হবে এবং প্রশাসন সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।