জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আয়মারসুলপুর ইউনিয়ন ভূমি অফিস চত্ত্বরে এনটিভি অনলাইনের জেলা প্রতিনিধি সাংবাদিক মনোয়ার হোসেনের ওপর পরিকল্পিত হামলার মামলায় গ্রেফতার হওয়া মহিলা মেম্বার নুরবানুর জামিন নামঞ্জুর করেছেন চীফ জুডিশিয়াল আমলী আদালত-২ বিচারক ক্যাথরিন গমেজ। বুধবার বিকেলে তাকে আদালতে হাজির করলে বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। এ তথ্য নিশ্চিত করেন কোর্ট পরিদর্শক মোঃ আবু বকর সিদ্দিক।
গত ৯ মে (বুধবার) এনটিভি অনলাইন করেসপন্ডেন্ট মনোয়ার হোসেন ও তার সহকর্মী নিউজ সংগ্রহ করতে গেলে ইউপি সদস্য নুরবানু ও আনোয়ার হোসেন পূর্ব পরিকল্পিত ভাবে পথরোধ করে তাদের উপর হামলা চালায়।
এবিষয়ে সাংবাদিক মনোয়ার হোসেন বাদী হয়ে পাঁচবিবি থানায় এজাহার দাখিল করলে বুধবার মধ্যে রাতে আয়মা রসুলপুর ইউনিয়নের শালপাড়া নিজ বাড়ি থেকে নুরবানুকে গ্রেফতার করে পুলিশ।মামলা আরেক আসামি আনোয়ার মেম্বার পলাতক রয়েছে।