নির্বাচন কমিশনের (ইসি) চূড়ান্ত নিবন্ধন পেতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সহ ছয়টি নতুন রাজনৈতিক দল। কমিশনের স্বাক্ষর হওয়ার পর গণবিজ্ঞপ্তি জারি করবে ইসি।
ইসির দায়িত্বশীল সূত্র জানিয়েছে, সোমবার (২২ সেপ্টেম্বর) কমিশনের অনুমোদনের জন্য ফাইল উত্থাপন করা হবে। তবে কমিশন চাইলে প্রস্তাবে সংযোজন বা বিয়োজন করতে পারবে। চূড়ান্ত অনুমোদনের পরেই গণবিজ্ঞপ্তি প্রকাশ হবে।
সূত্রের ভাষ্য, মাঠ পর্যায়ে যাচাই-বাছাই শেষে ছয়টি দলকে নিবন্ধনের জন্য মনোনীত করা হয়েছে। এর মধ্যে রয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ আম জনগণ পার্টি, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি এবং বাংলাদেশ জাতীয় লীগ। বাকি ১০টি দলের বিষয়ে পুনতদন্ত করা হবে, আর ৬টি দলের আবেদন বাতিল হয়েছে।
এর আগে ১৪৩টি নতুন রাজনৈতিক দল নিবন্ধনের আবেদন করেছিল। তবে শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় বেশিরভাগ দল বাদ পড়ে। সবশেষে ২২টি দলের মাঠ পর্যায়ের তদন্ত শেষে ৬টিকে নিবন্ধনের জন্য মনোনীত করা হয়েছে।
আইন অনুযায়ী, নিবন্ধনের জন্য একটি কেন্দ্রীয় কমিটি, অন্তত এক-তৃতীয়াংশ জেলা কমিটি, ১০০ উপজেলা কমিটি এবং প্রতিটি কমিটিতে ২০০ ভোটারের সমর্থনের প্রমাণ থাকতে হবে। এছাড়া সংসদ সদস্য থাকা বা আগের নির্বাচনে অন্তত পাঁচ শতাংশ ভোট পাওয়া থাকলে সেটিও যোগ্যতা হিসেবে গণ্য হয়।
বর্তমানে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৫১। নতুন ছয়টি দল নিবন্ধন পেলে এই সংখ্যা দাঁড়াবে ৫৭।