পাবনার ফরিদপুর উপজেলা পরিষদের হল রুমে শিক্ষার মান উন্নয়নে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. মুহাম্মদ আজাদ খান।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভিন্ন অঞ্চলের পরিচালকগণ। এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সাংবাদিকবৃন্দ, জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, ফরিদপুর উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি ও প্রধান শিক্ষকগণ, ২০২২ ও ২০২৩ শিক্ষাবর্ষের কৃতি ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবকবৃন্দ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ফরিদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব হাসান। মতবিনিময় সভায় প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “বিগত সরকার শিক্ষার মান নিচে নামিয়ে এনেছিল। বর্তমান সরকার শিক্ষার্থীদের সেই অবস্থা থেকে উত্তরণে নিরলস কাজ করে যাচ্ছে। আমরা কুইজ, কনটেস্ট ও কিছু অনুবাদের মাধ্যমে শিক্ষার্থীদের অনুপ্রাণিত করার উদ্যোগ নিয়েছি।”
তিনি আরও বলেন, “শুধু পাঠ্যবইয়ের জ্ঞান নয়, শিক্ষার্থীদের খেলাধুলার মাধ্যমেও উৎসাহ দেওয়া হবে। এজন্য বিভিন্ন টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে, যাতে কোমলমতি শিক্ষার্থীরা মাদকের মতো সামাজিক ব্যাধি থেকে দূরে থেকে পড়াশোনায় মনোযোগী হতে পারে।”দুই পর্বে বিভক্ত এ অনুষ্ঠান শেষে তিনি সকলের সহযোগিতা কামনা করে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করেন।