নিজস্ব প্রতিনিধি: নেত্রকোণার কেন্দুয়ায় বাকিতে সিগারেট না দেওয়াকে কেন্দ্র করে দোকানে পেট্রল ঢেলে আগুন দেওয়ার অভিযোগে সুমন মিয়া (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত
শুক্রবার (২ অক্টোবর) বিকেলে উপজেলার রোয়াইলবাড়ী আমতলা ইউনিয়নের সহিলাটি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার সুমন মিয়া সান্দিকোনা ইউনিয়নের চেংজানা গ্রামের কাদের নেওয়াজের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে সুমন ওই দোকানে গিয়ে বাকিতে সিগারেট চান। দোকানদার ইব্রাহিম খলিল (৪৫) বাকিতে সিগারেট দিতে রাজি না হলে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সুমন দোকানের সামনে রাখা একটি বোতল থেকে পেট্রল নিয়ে দোকানের ভেতরে ছিটিয়ে আগুন ধরিয়ে দেন বলে অভিযোগ।
এতে দোকানদার ইব্রাহিম খলিল দগ্ধ হন এবং দোকানের অধিকাংশ মালামাল পুড়ে যায়। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে এনে তাকে উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই সুমনকে গ্রেপ্তার করা হয়। তবে এ ঘটনায় তখনো মামলা না হওয়ায় ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।
আদালত পুলিশের পরিদর্শক মোহাম্মদ রিয়াদ মাহমুদ জানান, শুক্রবার সন্ধ্যায় সুমন মিয়াকে কারাগারে পাঠানো হয়েছে। দগ্ধ দোকানদারের স্বজনরা বর্তমানে ঢাকায় তার চিকিৎসা নিয়ে ব্যস্ত রয়েছেন। তারা এলাকায় ফিরে এ ঘটনায় মামলা করবেন বলে জানিয়েছে পুলিশ।