আশরাফুল আহমদ, সিলেট প্রতিবেদক: সমাজকল্যাণ ও মানবসেবায় বিশেষ অবদান এবং সাহারা ফাউন্ডেশনের বিভিন্ন কার্যক্রমে সহযোগিতার স্বীকৃতিস্বরূপ সম্মাননা পুরস্কার পেয়েছেন ‘এসো আলোর সন্ধানে’ যুব সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. নবী হোসেন।
সাহারা ফাউন্ডেশনের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে তাকে এ সম্মাননা প্রদান করা হয়। সমাজের কল্যাণে অবদান, মানবিক কার্যক্রমে অংশগ্রহণ এবং বিভিন্ন সামাজিক উদ্যোগে সহযোগিতার জন্য তাকে এ সম্মাননা দেওয়া হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক, ‘কথার জাদুঘর’ ও নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ ড. ফজলুল হক রুমন রেজা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাহারা ফাউন্ডেশনের মহাপরিচালক শফিকুল ইসলাম দেলোয়ার। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাহারা ফাউন্ডেশনের উপদেষ্টা ওসমান গণি মোশারফ, রাণীপুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষিকা ফরিদা ইয়াসমিন এবং রণদা প্রসাদ সাহা বিশ্ববিদ্যালয়ের লেকচারার রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাহারা ফাউন্ডেশনের উপ মহাপরিচালক আফরোজা সুলতানা রোজা। অনুষ্ঠানের উদ্বোধন করেন কাশীপুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক বাবুল কৃষ্ণ সাহা। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাহারা ফাউন্ডেশনের সচিব মো. নিলয় হোসেন।
সম্মাননা পাওয়ার পর মো. নবী হোসেন বলেন, সমাজকল্যাণ ও মানবসেবার কাজ মানুষের প্রতি দায়বদ্ধতা থেকে করে আসছেন। এ সম্মাননা তাকে ভবিষ্যতে আরও বেশি মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে যুক্ত হতে অনুপ্রেরণা জোগাবে।তিনি সাহারা ফাউন্ডেশনসহ অনুষ্ঠানের আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সমাজের কল্যাণে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে মানবিক কর্মকাণ্ডে এগিয়ে আসার আহ্বান জানান।অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানসহ শিক্ষা, সমাজকল্যাণ ও মানবসেবামূলক বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।