রাজধানীর শ্যামলী এলাকা থেকে অপহৃত এক তরুণীকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোনের ভিত্তিতে নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৯ মে) বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন ৯৯৯-এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার।
তিনি জানান, বুধবার রাত সাড়ে ৯টার দিকে টাঙ্গাইল জেলার মির্জাপুর থেকে এক ব্যক্তি ৯৯৯ নম্বরে ফোন করে জানান, তার ভাগনি তমা আক্তার (২৫) রাজধানীর শ্যামলী এলাকা থেকে অপহৃত হয়েছেন। অপহরণকারীরা মুক্তিপণ দাবি করেছে এবং তিনি বিকাশের মাধ্যমে ইতোমধ্যে ২ হাজার ৫০০ টাকা পাঠিয়েছেন বলেও জানান। কলার তার ভাগনিকে দ্রুত উদ্ধারের অনুরোধ করেন।
কলটি গ্রহণ করেন ৯৯৯-এর কনস্টেবল মো. রেজোয়ান। তিনি সঙ্গে সঙ্গেই ঢাকার আদাবর থানাকে বিষয়টি অবগত করেন। এরপর তথ্যপ্রযুক্তির সহায়তায় আদাবর থানা পুলিশ ভিকটিমের অবস্থান শনাক্ত করে জানায়, তরুণী বর্তমানে অবস্থান করছেন নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল এলাকায়।
তাৎক্ষণিকভাবে পলাশ থানাকে বিষয়টি জানানো হয়। খবর পেয়ে পলাশ থানা পুলিশের একটি দল ঘোড়াশাল পৌরসভার বাগদী এলাকার ইলিড স্টীল মিলের পাশের একটি বাড়িতে অভিযান চালিয়ে অপহৃত তরুণী তমা আক্তারকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। ঘটনাস্থলটি মিলটির পাশের ব্রিজ থেকে মাত্র ত্রিশ গজ দূরে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মনির হোসেন। তিনি জানান, বর্তমানে তরুণী থানার হেফাজতে রয়েছেন এবং এ বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।
এই সফল উদ্ধার অভিযানটি প্রমাণ করে যে, জাতীয় জরুরি সেবা ৯৯৯ দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণের মাধ্যমে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।