শাহাদাৎ হোসেন সরকার, গাজীপুরঃ গাজীপুরের কালিয়াকৈর থানাধীন মৌচাক ইউনিয়নের জামতলা এলাকায় পৈত্রিক সম্পত্তি দখলের অভিযোগ উঠেছে। এবিষয়ে জমির মালিক মোঃ ছামান উদ্দিন গং দাবি করেন, হিমেল সন্ত্রাসী বাহিনী তাদের ২ একর ৪৮.৫০ শতাংশ জমি অবৈধভাবে দখল করেছে। খোঁজ নিয়ে জানা যায়, কৌচাকুড়ি মৌজার এসএ ৮৫২, আরএস ৩৩৯ ও ১০৩৫ দাগের জমি ছামান উদ্দিন গং পৈত্রিক সূত্রে মালিক হয়ে দীর্ঘদিন ভোগদখল করে আসছিলেন। জমিতে আধা-পাকা মার্কেট তৈরি করে দোকান ভাড়া দেওয়া হয়,গত কয়েক মাস ধরে আইয়ুব আলী মাস্টার, জাকারিয়া সরকার হিমেল, আবু সালেহ ও সাদ্দাম হোসেনসহ অজ্ঞাত কয়েকজন জমি দখলের চেষ্টা করে আসছিলো। সর্বশেষ ২০ জানুয়ারি দুপুরে হিমেল সন্ত্রাসী বাহিনী ২০০-২৫০ জন সঙ্গী নিয়ে জমি দখল করে নেয়। ছামান উদ্দিন জানান, “আমাদের পৈত্রিক সম্পত্তি বহুদিন ধরে ভোগদখল করে আসছি। কিন্তু হিমেল বাহিনী ভাড়াটিয়াদের হুমকি দিয়ে জমি ও মার্কেট দখল করেছে। এব্যপারে হিমেল গংদের বক্তব্য বা তাদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে এরা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের ১৪৫ ধারা নির্দেশ থাকা সত্ত্বেও তারা আইন অমান্য করে দখল করেছে বলে অভিযোগ পাওয়া গেছে ।” বিষয়ে ভুক্তভোগীরা প্রশাসনের আসুনি হস্তক্ষেপ কামনা করে দখলদারদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।