রাজশাহীর বাঘা উপজেলায় আমদানি নিষিদ্ধ ভারতীয় ১৫৪ বোতল স্কাফসহ নাসিরুল ইসলাম ওরফে মিরাজ (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে বাঘা থানা পুলিশ। গত মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের আলাইপুর (গাবতলীপাড়া) এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার নাসিরুল ইসলাম ওই এলাকার মো. আশরাফ আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, রাজশাহী জেলার পুলিশ সুপার জনাব মামুন অর রশিদের দিকনির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) এটিএম মাইনুল ইসলাম ও সহকারী পুলিশ সুপার (চারঘাট সার্কেল) মো. খালিদ হোসেনের তত্ত্বাবধানে বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হকের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
অভিযানের একপর্যায়ে নাসিরুল ইসলামের বাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় তার দেখানো ও নিজ হাতে বের করে দেওয়ার ভিত্তিতে বাড়ির রান্নাঘরসংলগ্ন খড়ি রাখার ঘর থেকে আমদানি নিষিদ্ধ ভারতীয় ১৫৪ বোতল স্কাফ উদ্ধার করা হয়। পরে উদ্ধার করা মাদকদ্রব্য নিয়ম অনুযায়ী জব্দ করে জব্দ তালিকা প্রস্তুত করা হয়।
এ ঘটনায় নাসিরুল ইসলাম ওরফে মিরাজের বিরুদ্ধে বাঘা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।
বাঘা থানার ওসি সেরাজুল হক জানান, মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তিনি স্থানীয় বাসিন্দাদের পুলিশের সঙ্গে সহযোগিতা করার আহ্বান জানান।