চট্টগ্রামের বোয়ালখালীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক সেবনের অপরাধে তিনজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার শাকপুরা ও খিতাপচর এলাকায় এ অভিযান পরিচালনা করে বোয়ালখালী থানা পুলিশ।
চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মোঃ মাসুদ আলম, বিপিএম-এর দিকনির্দেশনায় এবং বোয়ালখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোজাফ্ফর হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।অভিযানে মাদক সেবনের অপরাধে তিনজনকে আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় পৃথক তিনটি মোবাইল কোর্ট মামলায় তাদের সাজা দেওয়া হয়।
সাজাপ্রাপ্তরা হলেন—মধ্যম শাকপুরার বাবুল দেবনাথের ছেলে রিমন দেবনাথ (২৫), পূর্ব শাকপুরার মৃত মধুসুদন দের ছেলে শান্ত দে (২৫) এবং পশ্চিম খিতাপচরের শাহ আলমের ছেলে শাহিন আলম লিটন (৩২)।
এর মধ্যে রিমন দেবনাথ ও শান্ত দেকে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা করে জরিমানা এবং শাহিন আলম লিটনকে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করা হয়েছে।বোয়ালখালী থানা পুলিশ জানায়, সাজাপ্রাপ্তদের বিধি মোতাবেক পুলিশ স্কটের মাধ্যমে চট্টগ্রাম জেলা কারাগারে পাঠানোর কার্যক্রম নেওয়া হয়েছে।