নেত্রকোনার কলমাকান্দায় বিদ্যালয়ের বেদখল জমি উদ্ধার, খেলার মাঠ নিশ্চিতকরণ ও বহুতল ভবন নির্মাণের জন্য জমি বরাদ্দসহ ছয় দফা দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও ইউএনও কার্যালয় ঘেরাও করেছেন শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সচেতন নাগরিকরা। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বদলির দাবিতেও স্লোগান দেন শিক্ষার্থীরা।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলা সদরের থানা মোড় থেকে চাঁনপুর মোড় পর্যন্ত মানববন্ধনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। এতে পাঁচ শতাধিক মানুষ অংশ নেন। পরে বিক্ষোভ মিছিল নিয়ে তাঁরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে অবস্থান নেন।
কর্মসূচিতে কলমাকান্দা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও কলমাকান্দা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।বক্তারা বলেন, বিদ্যালয়ের জমি দীর্ঘদিন ধরে দখলে থাকায় শিক্ষার্থীদের খেলার মাঠের সংকট তৈরি হয়েছে। পাশাপাশি বিদ্যালয়ের ভবিষ্যৎ অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতেও সমস্যা হচ্ছে।
বিক্ষোভকারীদের দাবিগুলোর মধ্যে রয়েছে—বিদ্যালয়ের বেদখল জমি উদ্ধার করে বিদ্যালয়ের নামে হস্তান্তর, নিরাপদ খেলার মাঠ নিশ্চিত, বহুতল ভবনের জন্য জমি বরাদ্দ, সীমানাপ্রাচীর নির্মাণ ও আইনি সুরক্ষা, বিদ্যালয়ের আশপাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং সরকারি খাসজমি ও নদীর চর দখলমুক্ত করাসহ অবৈধ স্থাপনা ও মিল-কারখানার দূষণ বন্ধ করা।
বিক্ষোভকারীরা ইউএনও কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন। একপর্যায়ে ইউএনওর বদলির দাবিতেও স্লোগান দেন শিক্ষার্থীরা।পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা এন.এম. আব্দুল্লাহ আল মামুন বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের দাবিগুলো শোনেন।
তিনি বলেন, “সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ছয় দফা দাবি দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।”এর আগে গত ১৬ আগস্ট একই দাবিতে কলমাকান্দায় মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছিল। এক মাসের ব্যবধানে ফের একই দাবিতে মাঠে নামলেন শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সচেতন নাগরিকরা।