দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ-২/২০২৬-২৭ মৌসুমে রোপা আমন ধান চাষে ৪ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২০ জুন) উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার মো. জাহিদুল ইসলাম ইলিয়াস জানান, কৃষি উৎপাদন বৃদ্ধি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের এ প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ৪ হাজার কৃষককে উন্নতমানের রোপা আমন ধানের বীজ ও রাসায়নিক সার প্রদান করা হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বিধান কান্তি হালদারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা প্রশাসন, কৃষি বিভাগের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি ও উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।
পরে প্রধান অতিথি কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।