কক্সবাজারের রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নে অবস্থিত ঐতিহ্যবাহী কচ্ছপিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির (এসএমসি) সভাপতি নির্বাচিত হয়েছেন তরুণ সাংবাদিক জাবেদুল আনোয়ার।
শনিবার (২০ জুন) বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত পরিচালনা কমিটির সদস্যদের প্রত্যক্ষ ভোটে তিনি সভাপতি পদে নির্বাচিত হন। বিদ্যালয়টি ১৯২৯ সালে প্রতিষ্ঠিত হওয়ায় এটি এলাকার অন্যতম প্রাচীন শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে পরিচিত।
সভাপতি নির্বাচিত হওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জাবেদুল আনোয়ার মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করেন। তিনি বলেন, “কচ্ছপিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ায় মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। এ দায়িত্ব লাভের পেছনে যাঁরা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা, সমর্থন ও দোয়া করেছেন, তাঁদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। আপনাদের ভালোবাসা, আস্থা ও সহযোগিতা আমার জন্য অনুপ্রেরণার উৎস।”
তিনি আরও বলেন, “বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গঠনে আমি সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করতে চাই। এ লক্ষ্য বাস্তবায়নে অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় সবার সহযোগিতা ও দোয়া কামনা করছি।”
এদিকে, জাবেদুল আনোয়ার সভাপতি নির্বাচিত হওয়ায় বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী এবং স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁকে অভিনন্দন জানিয়েছেন। তাঁরা বিদ্যালয়ের উন্নয়ন ও শিক্ষার পরিবেশ আরও সমৃদ্ধ করতে তাঁর নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন।