গাজী আতাউর রহমানের নেতৃত্বে ইসলামী আন্দোলনের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী হবে’ইসলামী আন্দোলন বাংলাদেশের নবনির্বাচিত মহাসচিব গাজী আতাউর রহমান এবং কেন্দ্রীয় কমিটির নবনির্বাচিত সদস্যদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা সভাপতি মাওলানা মোহাম্মদ দ্বীন ইসলাম।
গত শনিবার (২৭ জুন) রাজধানীর বিজয়নগরস্থ ফারস হোটেল অ্যান্ড রিসোর্টে অনুষ্ঠিত ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মজলিসে শূরার বিশেষ বৈঠকে নতুন মহাসচিবসহ ৫৪ সদস্যের কেন্দ্রীয় কমিটির নাম ঘোষণা করা হয়। বৈঠক শেষে নবনির্বাচিত নেতাদের মধ্যে বিভিন্ন দায়িত্বও বণ্টন করা হয়।
সোমবার (২৯ জুন) সকাল ১০টায় নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা সভাপতি মাওলানা দ্বীন ইসলাম নতুন মহাসচিব গাজী আতাউর রহমানের দায়িত্ব গ্রহণের বিষয়ে তার প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
মাওলানা দ্বীন ইসলাম বলেন, গাজী আতাউর রহমান ইসলামী আন্দোলন বাংলাদেশের একজন অভিজ্ঞ, দক্ষ ও পরীক্ষিত সংগঠক। তিনি দীর্ঘদিন ধরে দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন। তার যোগ্য নেতৃত্ব, সাংগঠনিক দক্ষতা ও রাজনৈতিক অভিজ্ঞতার মাধ্যমে দল আগামী দিনে আরও শক্তিশালী অবস্থানে যাবে বলে আমরা বিশ্বাস করি।
তিনি বলেন, নতুন মহাসচিব হিসেবে গাজী আতাউর রহমানের দায়িত্ব গ্রহণ দলের নেতাকর্মীদের মাঝে নতুন উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করেছে। তার নেতৃত্বে দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং তৃণমূল পর্যায়ে দলীয় কার্যক্রম আরও বিস্তৃত হবে।
তিনি আরও বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ গতানুগতিক কোনো রাজনৈতিক সংগঠন নয়। শরীয়াহর পূর্ণ অনুসরণ ও বাস্তবায়ন এবং মানুষের কল্যাণে কাজ করাই এই দলের মূল লক্ষ্য। নতুন নেতৃত্ব সেই লক্ষ্য বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
মাওলানা দ্বীন ইসলাম বলেন, বর্তমান সময়ে দেশের মানুষ একটি কার্যকর ও আদর্শভিত্তিক রাজনৈতিক নেতৃত্ব প্রত্যাশা করছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ মানুষের সেই প্রত্যাশা পূরণে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করবে।
তিনি বলেন, গাজী আতাউর রহমান এর আগে দলের যুগ্ম মহাসচিব ও মুখপাত্রসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তার দীর্ঘদিনের অভিজ্ঞতা নতুন দায়িত্ব পালনে সহায়ক হবে এবং তিনি সফলতার সঙ্গে দায়িত্ব পালন করবেন বলে আমরা আশাবাদী।
তিনি নবনির্বাচিত মহাসচিব ও কেন্দ্রীয় কমিটির সকল সদস্যের প্রতি শুভেচ্ছা জানিয়ে তাদের সফলতা, সুস্বাস্থ্য ও কল্যাণ কামনা করেন।
উল্লেখ্য, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মজলিসে শূরার বিশেষ বৈঠকে গাজী আতাউর রহমানকে দলের নতুন মহাসচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে ২০০৮ সাল থেকে মহাসচিবের দায়িত্ব পালনকারী অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমদকে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী পরিষদ প্রেসিডিয়ামের সদস্য করা হয়েছে।