২০২৫-২০২৬ অর্থবছরে উপজেলা পরিষদের বার্ষিক উন্নয়ন তহবিলের বিশেষ আওতায় সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার বিভিন্ন ইউনিয়নের উপকারভোগীদের মাঝে নানা ধরনের উপকরন সামগ্রী বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়নের সুবিধাভোগীদের মাঝে সৌর প্যানেল, শিক্ষার্থীদের স্কুল ব্যাগ, বেকার যুবকদের জন্য ভ্যান, দোকানঘর নির্মাণের সহায়তা, শিক্ষা প্রতিষ্ঠানের জন্য জোড়া বেঞ্চ, প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য হুইলচেয়ার, সিলিং ফ্যান, সুপেয় পানির জন্য নলকূপ এবং পরিবেশ সংরক্ষণে ফলজ ও বনজ বৃক্ষের চারা বিতরণ করা হয়।
উপজেলা পরিষদ অডিটোরিয়াম, বেলকুচিতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৫ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আমিরুল ইসলাম খান আলীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব শাহনাজ প্রধান, ডেপুটি রেজিস্ট্রার, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব আফরিন জাহান।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, সরকারের উন্নয়ন কার্যক্রমের সুফল সমাজের প্রতিটি স্তরের মানুষের কাছে পৌঁছে দিতে উপজেলা পরিষদ নিরলসভাবে কাজ করছে। শিক্ষার্থী, বেকার যুবক, প্রতিবন্ধী ব্যক্তি এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে এ ধরনের সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরিন জাহান বলেন, সরকারের উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে জনসেবার মান বৃদ্ধি এবং জনগণের জীবনযাত্রার উন্নয়নই উপজেলা প্রশাসনের প্রধান লক্ষ্য। তিনি উপকারভোগীদের বিতরণকৃত সামগ্রী যথাযথভাবে ব্যবহার করার আহ্বান জানান।
অনুষ্ঠানে উপজেলা পরিষদের কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের প্রতিনিধিবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষক, গণ্যমান্য ব্যক্তি এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের আয়োজন করে, উপজেলা পরিষদ, বেলকুচি, সিরাজগঞ্জ।