দিনাজপুরের বীরগঞ্জে এক কলেজছাত্রীকে অপহরণ করে ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলার প্রধান আসামি মো. ইব্রাহিম হুসেন ইমন (২৪)কে গ্রেপ্তার করেছে র্যাব-১৩। শুক্রবার (১০ জুলাই) গভীর রাতে জেলার বীরগঞ্জ উপজেলার ভগিরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-১৩ সূত্র জানায়, ভুক্তভোগী কলেজছাত্রী বীরগঞ্জ ডিগ্রি কলেজের শিক্ষার্থী এবং পড়াশোনার জন্য স্থানীয় একটি মেসে থাকতেন। অভিযুক্ত ইমন দীর্ঘদিন ধরে তাকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। একপর্যায়ে ভয়ভীতি দেখিয়ে তার সঙ্গে সম্পর্ক গড়ে তোলে।
অভিযোগ অনুযায়ী, গত ১৯ এপ্রিল দুপুরে বীরগঞ্জ উপজেলার তাজমহল সিনেমা হলের সামনে থেকে কৌশলে ওই ছাত্রীকে মোটরসাইকেলে তুলে নিয়ে যাওয়া হয়। পরে নীলফামারীর ডিমলা উপজেলার পোস্ট অফিস মোড়সংলগ্ন একটি ভাড়া বাসায় নিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করা হয়।
ঘটনার পর ভুক্তভোগীর পরিবার বিষয়টি জানতে পেরে স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত ও ভুক্তভোগীকে আটক করে দুই ইউপি সদস্যের মাধ্যমে উভয় পরিবারের কাছে হস্তান্তর করে। পরে মেয়ের পরিবার বিয়ের প্রস্তাব দিলেও অভিযুক্তের পরিবার তা প্রত্যাখ্যান করে। এরপর ভুক্তভোগীর পরিবার আদালতে অপহরণ ও ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করলে আদালতের নির্দেশে গত ৮ মে বীরগঞ্জ থানায় মামলাটি নথিভুক্ত হয়। মামলা হওয়ার পর থেকেই অভিযুক্ত আত্মগোপনে চলে যায়।
র্যাব জানায়, মামলার গুরুত্ব বিবেচনায় গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়। এরই ধারাবাহিকতায় শুক্রবার রাতে বিশেষ অভিযান চালিয়ে প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ইমন বীরগঞ্জ উপজেলার ভগিরপাড়া গ্রামের তাওয়াজ উদ্দিনের ছেলে। তাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বীরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব-১৩ জানিয়েছে, নারী ও শিশু নির্যাতন, অপহরণ, ধর্ষণসহ গুরুতর অপরাধ দমনে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।