ময়মনসিংহে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের (ইআরবি) আয়োজনে মাদরাসায় উচ্চশিক্ষার সম্ভাবনা ও চ্যালেঞ্জ শীর্ষক জাতীয় সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্যে ইআরবি’র ভাইস চ্যান্সেলর প্রফেসর ড.মোহাম্মদ আবু জাফর খান প্রতিটি ফাযিল ও কামিল মাদরাসায় ক্যারিয়ার কাউন্সিলিং সেল গঠন করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন,
এতে শিক্ষার্থীদের ক্যারিয়ার ডেভেলপমেন্ট হবে,উচ্চ স্বপ্ন দেখবে, যোগ্যতা ও দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে। এই সেল শিক্ষার্থীদের জানাবে যোগ্য আলেম হিসেবে গড়ে উঠার প্রেরণা, বিসিএস, সরকারি চাকরি, ইসলামিক ব্যাংকিং , গবেষণা, বিদেশে উচ্চ শিক্ষা, মধ্যপ্রাচ্যের পেশাগত সুযোগ ও উদ্যোক্তা হওয়ার পথ। মাদরাসায় উচ্চ শিক্ষা কর্মমুখী ও গবেষণাভিত্তিক করার প্রচেষ্টা হিসেবে প্রতিটি মাদরাসায় এটি করতে হবে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে ময়মনসিংহ শহরের এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে অনুষ্ঠিত “মাদরাসায় উচ্চশিক্ষা: সম্ভাবনা ও চ্যালেঞ্জ” শীর্ষক এ সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের কামিল (স্নাতকোত্তর) শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের উদ্যোগে আয়োজিত এ সেমিনারে ময়মনসিংহ বিভাগের অধিভুক্ত ফাযিল ও কামিল মাদরাসার অধ্যক্ষ, উপাধ্যক্ষ, শিক্ষক এবং গভর্নিং বডির সদস্যরা অংশগ্রহণ করেন।
ভাইস চ্যান্সেলর আরও বলেন, মাদরাসা শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষকদের আন্তরিকতা ও দায়িত্বশীলতা যেমন জরুরি, তেমনি শিক্ষার্থীদের নিয়মিত শ্রেণিকক্ষে উপস্থিতি নিশ্চিত করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ| শিক্ষা প্রতিষ্ঠানে জবাবদিহিতা, শৃঙ্খলা ও একাডেমিক পরিবেশ সুদৃঢ় করার ওপর তিনি গুরুত্বারোপ করেন|
বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর (প্রশাসন) প্রফেসর ড মুহাম্মদ ইলিয়াছ ছিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার শাহীনুল ইসলাম| এছাড়া বক্তব্য রাখেন মাদরাসা পরিদর্শক (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মুহাম্মাদ গোলাম রব্বানী,,ময়মনসিংহ ডিএস কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড.ইদ্রিস খান, জেলার বিভিন্ন ফাযিল ও কামিল মাদরাসার অধ্যক্ষ, উপাধ্যক্ষ এবং গভর্নিং বডির সদস্যবৃন্দ|