বগুড়ার গাবতলী উপজেলার ৮ নম্বর মহিষাবান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী এম আর ইসলাম রিপন দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে দলীয় কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, তিনি গাবতলী উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনকালে দলকে সুসংগঠিত করা, নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখা এবং বিভিন্ন রাজনৈতিক ও সাংগঠনিক কর্মসূচি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। পাশাপাশি সামাজিক ও জনকল্যাণমূলক বিভিন্ন কর্মকাণ্ডেও তার অংশগ্রহণ রয়েছে বলে স্থানীয়রা জানান।
স্থানীয় নেতাকর্মীদের মতে, দলের সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করতে তিনি নিয়মিত তৃণমূল পর্যায়ে যোগাযোগ রক্ষা করেছেন এবং বিভিন্ন সময় নেতাকর্মীদের পাশে থেকেছেন। ফলে ইউনিয়নের রাজনৈতিক অঙ্গনে তিনি একজন পরিচিত মুখ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।
চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার বিষয়ে জানতে চাইলে এম আর ইসলাম রিপন বলেন, “জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে মহিষাবান ইউনিয়নের সার্বিক উন্নয়ন, সুশাসন ও জনসেবাকে অগ্রাধিকার দিয়ে কাজ করতে চাই। জনগণ সুযোগ দিলে একটি আধুনিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক ইউনিয়ন পরিষদ গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করব।”
এদিকে স্থানীয়দের একাংশের প্রত্যাশা, নির্বাচিত হলে তিনি ইউনিয়নের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, কর্মসংস্থান এবং সামাজিক নিরাপত্তামূলক কার্যক্রমকে আরও এগিয়ে নিতে কার্যকর ভূমিকা রাখবেন।