রাজশাহীর বাঘা উপজেলায় গরু চুরির অভিযোগে গণপিটুনিতে শিমুল (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় শমজান (৪৫) নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন।সোমবার (৭ সেপ্টেম্বর) রাত প্রায় ২টার দিকে
উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের জোতকাদিরপুর এলাকায় জোতকাদিরপুর স্কুলের কাছে এ ঘটনা ঘটে। নিহত শিমুল জোতকাদিরপুর গ্রামের মোঃ মোস্তফার ছেলে,আহত শমজান একই গ্রামের নবীর শাহের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে জোতকাদিরপুর এলাকার মৃত ইনসার মন্ডলের ছেলে মোঃ মুনসুর মন্ডলের বাড়িতে গরু চুরির অভিযোগে শিমুল ও শমজানকে স্থানীয়রা আটক করেন। পরে উত্তেজিত জনতা তাদের গণপিটুনি দেয়। এতে দুজনই গুরুতর আহত হন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে শিমুলের মৃত্যু হয়। গুরুতর আহত শমজানকে বাঘা থানা পুলিশ উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠিয়েছে।
বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
গরু চুরির অভিযোগ ও গণপিটুনির ঘটনার সার্বিক বিষয়ে তদন্ত চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।