পরিবেশ সুরক্ষা, পরিচ্ছন্নতা ও সামাজিক সচেতনতার বার্তা নিয়ে বৃক্ষরোপণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির মধ্য দিয়ে নতুন বর্ষের কার্যক্রম শুরু করেছে স্বেচ্ছাসেবী সংগঠন জিরো বাংলাদেশ। সোমবার (৭ সেপ্টেম্বর) সিরাজপুর কালিরগাঁও উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও জিরো বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সভাপতি আশরাফুল আহমদ, সহকারী শিক্ষক নুরুজ্জামান, লাভলি বেগম, আফাজ্জুল ইসলাম, শিমুল আহমদ ও মামুন আহমদসহ সংগঠনের সদস্য ও স্বেচ্ছাসেবীরা অংশগ্রহণ করেন।
কর্মসূচির শুরুতে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। পরে বিদ্যালয় প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় অংশগ্রহণকারীরা পরিবেশ রক্ষা ও পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা সৃষ্টির পাশাপাশি শিক্ষার্থীদেরও পরিবেশবান্ধব কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
কর্মসূচিতে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি গাছ যেমন পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখে, তেমনি পরিচ্ছন্ন পরিবেশ মানুষের সুস্থ ও সুন্দর জীবনযাপনের অন্যতম পূর্বশর্ত। তাই প্রত্যেকের নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কার্যক্রমে এগিয়ে আসা প্রয়োজন।
জিরো বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়, নতুন বর্ষে সংগঠনের সামাজিক, মানবিক ও পরিবেশবান্ধব কার্যক্রম আরও জোরদার করা হবে। শিক্ষা, পরিবেশ সুরক্ষা, পরিচ্ছন্নতা, মানবিক সহায়তা এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বছরজুড়ে ধারাবাহিকভাবে বিভিন্ন কর্মসূচি পরিচালনা করা হবে।সিরাজপুর কালিরগাঁও উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচির মধ্য দিয়ে জিরো বাংলাদেশের নতুন বর্ষের কার্যক্রম শুরু হওয়ায় শিক্ষক, স্বেচ্ছাসেবী ও স্থানীয়দের মধ্যে ইতিবাচক সাড়া সৃষ্টি হয়েছে। আয়োজকরা মনে করেন, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থী ও তরুণদের মধ্যে পরিবেশ সচেতনতা এবং সামাজিক দায়িত্ববোধ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
জিরো বাংলাদেশের প্রত্যয়—“প্রতিদিন একটি ভালো কাজ, সুন্দর ও মানবিক বাংলাদেশের লক্ষ্যে এগিয়ে যাওয়া।”