চট্টগ্রামের পটিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সিএনজি অটোরিকশাসহ আন্তঃজেলা ডাকাত দলের এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে উপজেলার কুসুমপুরা ইউনিয়নের শান্তিরহাট বাজার এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অভিযান চালিয়ে মো. সোহাগ (২৪) নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সোহাগ ভোলার চরফ্যাশন উপজেলার ওসমানগঞ্জ এলাকার নুরুল ইসলাম মাঝির ছেলে। তিনি চট্টগ্রামের কর্ণফুলী থানার শিকলবাহা ইউনিয়নের জামালপাড়া এবং পটিয়ার জিরি ইউনিয়নের ফকিরা মসজিদ এলাকার বাসিন্দা হিসেবেও ঠিকানা উল্লেখ করেছেন পুলিশ। পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল পটিয়া শান্তিরহাট বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় স্থানীয় লোকজনের সহায়তায় সোহাগকে একটি সিএনজি অটোরিকশাসহ গ্রেপ্তার করা হয়। তিনি জানান, সিএনজিতে তল্লাশি চালিয়ে দুটি রামদা, একটি ছুরি ও একটি লোহার সাবল উদ্ধার করা হয়েছে। এ সময় ঘটনায় জড়িত আরও চারজনসহ অজ্ঞাতনামা চার-পাঁচজন একটি সিএনজি নিয়ে পালিয়ে যায়। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় পটিয়া থানায় মামলা হয়েছে। গ্রেপ্তার সোহাগকে আদালতে সোপর্দ করা হয়েছে।