পবিত্র জশনে জুলুসকে স্বাগত জানিয়ে চট্টগ্রামের পটিয়া উপজেলার ১৬নং কচুয়াই ইউনিয়নের পশ্চিম কচুয়াই হাবিবিয়া ইবতেদায়ী ও দাখিল মাদ্রাসা থেকে বর্ণাঢ্য স্বাগত র্যালি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) সকাল ১০টায় হাবিবিয়া দাখিল মাদ্রাসা মাঠ প্রাঙ্গণ থেকে র্যালিটি বের হয়। এতে কচুয়াই বায়তুল্লাহ নতুন জামে মসজিদ ও হাবিবিয়া ইবতেদায়ী ও দাখিল মাদ্রাসার সাধারণ সম্পাদক তৈয়ব খান, বায়তুল্লাহ নতুন জামে মসজিদের খতিব ও হাবিবিয়া ইবতেদায়ী ও দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোহাম্মদ কামরুজ্জামান, মোয়াজ্জিন হাফেজ মোহাম্মদ নজরুল ইসলাম, আবু তাহের, খালেক সওদাগর ও আজিজসহ মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় আলেম-ওলামা, ধর্মপ্রাণ মুসল্লি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
র্যালিটি পটিয়ার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাসস্টেশন ও বৈলতলী সড়ক হয়ে পুনরায় মাদ্রাসা মাঠে এসে শেষ হয়।
এ সময় বক্তারা বলেন, পবিত্র রবিউল আউয়াল মাসে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর শুভাগমন ঘটে। প্রিয় নবীর আগমন সমগ্র মানবজাতির জন্য রহমত ও হেদায়েতের বার্তা নিয়ে এসেছে। তাই এ মাসে মহানবী (সা.)-এর প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশের পাশাপাশি তাঁর জীবনাদর্শ ও সুন্নাহ অনুসরণে সবাইকে উদ্বুদ্ধ হতে হবে।
বক্তারা আরও বলেন, নতুন প্রজন্মের মধ্যে মহানবী (সা.)-এর আদর্শ ও নৈতিক শিক্ষা ছড়িয়ে দিতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সবাইকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
পরে মাদ্রাসা মাঠে দরুদ ও কিয়াম অনুষ্ঠিত হয়। শেষে অংশগ্রহণকারীদের মধ্যে তাবারুক বিতরণের মধ্য দিয়ে স্বাগত র্যালির সমাপ্তি ঘটে।