টানা বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার অধিকাংশ এলাকা বর্তমানে হাঁটু পানির উপরে তলিয়ে গেছে। সড়ক, ঘরবাড়ি, দোকানপাট, মিল-ফ্যাক্টরিসহ বিভিন্ন স্থাপনায় পানি প্রবেশ করায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।
স্থানীয়দের অভিযোগ, সামান্য বৃষ্টিতেই পৌর এলাকার বিভিন্ন সড়ক ও আবাসিক এলাকায় পানি জমে যায়। এবারের বৃষ্টিতে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিয়েছে। অনেক পরিবারের ঘরে পানি ঢুকে আসবাবপত্র, প্রয়োজনীয় কাগজপত্র ও গৃহস্থালির জিনিসপত্র নষ্ট হয়ে গেছে। এছাড়া বিভিন্ন মিল-ফ্যাক্টরি ও ব্যবসা প্রতিষ্ঠানে পানি প্রবেশ করায় উৎপাদন কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং ব্যবসায়ীদের বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে।
ক্ষতিগ্রস্তরা জানান, বছরের পর বছর ধরে জলাবদ্ধতার সমস্যার স্থায়ী সমাধান না হওয়ায় তাদের দুর্ভোগ বাড়ছে। অনেকের কষ্টার্জিত সঞ্চয় ও স্বপ্নের সম্পদ পানিতে তলিয়ে গিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতির সৃষ্টি হয়েছে।
এদিকে জলাবদ্ধতার কারণে শিক্ষার্থী, শ্রমিক, চাকরিজীবী ও সাধারণ পথচারীদের চলাচল ব্যাহত হচ্ছে। জরুরি প্রয়োজনে বাইরে বের হওয়াও অনেকের জন্য কষ্টসাধ্য হয়ে পড়েছে। বিশেষ করে শিশু ও বয়স্করা সবচেয়ে বেশি দুর্ভোগে রয়েছেন।
স্থানীয় বাসিন্দারা দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ এবং জলাবদ্ধতার স্থায়ী সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তারা বলেন, অবিলম্বে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ও নিয়মিত রক্ষণাবেক্ষণ না করা হলে ভবিষ্যতে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে।