তরুণ সমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করা এবং মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে পটিয়া উপজেলা শহিদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে ইউনিয়নভিত্তিক প্রীতি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে টুর্নামেন্টের দল নির্ধারণে এক জমকালো লটারি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১৫ জুন বুধবার বিকেলে পটিয়া বিএনপি পার্টি অফিসে আয়োজিত অনুষ্ঠানে লটারির মাধ্যমে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ, বিভিন্ন দলের খেলার সময়সূচি এবং অংশগ্রহণকারী দলগুলোর মধ্যকার ম্যাচ নির্ধারণ করা হয়। আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, আগামী ১৯ জুন শুক্রবার বিকেল ৩টায় উপজেলার শোভনদণ্ডী ইউনিয়নের আলফা করিম উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে। উদ্বোধনী খেলায় স্বাগতিক শোভনদণ্ডী ইউনিয়ন শহিদ জিয়া স্মৃতি সংসদ মুখোমুখি হবে কুসুমপুরা ইউনিয়ন শহিদ জিয়া স্মৃতি সংসদের। উদ্বোধনী ম্যাচকে ঘিরে ইতোমধ্যে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। আয়োজকরা জানান, এই প্রীতি ফুটবল টুর্নামেন্টে পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন ইউনিয়নের দল অংশগ্রহণ করবে। খেলাধুলার মাধ্যমে যুবসমাজের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ এবং সুস্থ প্রতিযোগিতার মনোভাব গড়ে তোলাই এ আয়োজনের মূল লক্ষ্য। উপজেলা শহিদ জিয়া স্মৃতি সংসদের সভাপতি হাজী মোহাম্মদ কামাল উদ্দীনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু সালেহ মোহাম্মদ সাইফুদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নুরুল আবছার, মু. জাফর, ইকবাল সিকদার সুমন, খাইরুল ইসলাম ফারুখী, সোলাইমান, অ্যাডভোকেট তারেক, আজগর আলী, নুর হোসেন, রাসেল, ওহিদুল আলম খোকন মেম্বারসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ। এ সময় বক্তারা বলেন, খেলাধুলা যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পটিয়ার সংসদ সদস্য এনামুল হকের নির্দেশনায় সুস্থ সমাজ গঠন এবং তরুণদের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করতেই এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। বক্তারা আরও বলেন, খেলাধুলার মাধ্যমে নতুন প্রজন্মকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করে একটি মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত ও মানবিক সমাজ বিনির্মাণ সম্ভব। সেই লক্ষ্যকে সামনে রেখেই উপজেলা শহিদ জিয়া স্মৃতি সংসদ এই ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে।