আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়ায় শিশুদের অধিকার সুরক্ষা ও ভবিষ্যৎ কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে উপজেলা শিশু কল্যাণ বোর্ডের অর্ধবার্ষিকী সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ অক্টোবর, ২০২৬)সকাল ১১ ঘটিকার সময় উপজেলা সম্মেলন কক্ষে “ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ”-এর সার্বিক সহায়তায়, ‘ইন্টারঅ্যাক্ট, সুইডেন’-এর অর্থায়নে এবং ইসিডিআর (Empowering Communities for Children’s Rights) প্রকল্পের বাস্তবায়নে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিরুপম মজুমদার। সভাপতির বক্তব্যে তিনি বলেন, “শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের সুরক্ষা ও সঠিক বিকাশ নিশ্চিত করা আমাদের নৈতিক ও প্রাতিষ্ঠানিক দায়িত্ব। শিশু শ্রম রোধ, বিদ্যালয় থেকে শিশু ঝরে পড়া রোধ এবং শিশু নির্যাতন বন্ধে স্থানীয় প্রশাসন ও সামাজিক সংগঠনগুলোকে একযোগে কাজ করতে হবে।”
উপজেলা সমাজসেবা কর্মকর্তা তপন বিশ্বাস বলেন, “সুবিধাবঞ্চিত ও ঝুঁকিপূর্ণ শিশুদের সামাজিক নিরাপত্তা বলয়ের আওতায় নিয়ে আসতে সমাজসেবা দপ্তর নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে। তাদের সঠিক পুষ্টি, মানসিক বিকাশ ও অধিকার রক্ষায় শিশু কল্যাণ বোর্ডের এই উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী।”
শিক্ষা অফিসার মোঃ জহিরুল ইসলাম বলেন, “প্রতিটি শিশুর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা আবশ্যক। যেকোনো পরিস্থিতিতে কোনো শিশু যেন বিদ্যালয় থেকে ঝরে না পড়ে, সে বিষয়ে আমরা মাঠ পর্যায়ে মনিটরিং জোরদার করেছি।”
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃরফিকুল ইসলাম যিনি কিশোর-কিশোরীদের দক্ষতা উন্নয়ন ও সুস্থ বিনোদনের গুরুত্ব তুলে ধরেন। ডাঃ শিশির রঞ্জন গাইন শিশুদের পুষ্টির গুণগত মান ঠিক রাখা ও স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। এছাড়া আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) শতদল দে শিশুদের আইনি সুরক্ষা, বাল্যবিয়ে রোধ এবং মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশ প্রশাসনের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন।
সভায় ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশের স্থানীয় প্রতিনিধিরা প্রকল্পের চলমান কার্যক্রম তুলে ধরেন এবং উপস্থিত সদস্যগণ শিশুদের অধিকার রক্ষা ও সার্বিক উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক ওমর আলী সানি, মোঃ রাছেল হাওলাদার, এনজিও ফোরামের সেক্রেটারি মিঃকাজল সেন গুপ্ত প্রতিনিধিবৃন্দ এবং সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিবর্গ।
সার্বিক সহায়তায় ছিলেন ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ-এর ইসিসিআর (ECCR) প্রজেক্টের প্রজেক্ট অফিসার যিহিস্কেল ইজারাদার।