গোলাম মোস্তফা,শার্শা উপজেলা প্রতিনিধি, (যশোর) : মাদক-চোরাচালান দমনে জিরো টলারেন্স, রাতের পাহারা জোরদারের নির্দেশ।
যশোরের শার্শায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং অপরাধ নিয়ন্ত্রণে গ্রাম পুলিশদের বিশেষ ব্রিফিং দিয়েছেন শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামিনুল হক। বুধবার (৭ অক্টোবর) শার্শা থানা গ্রাউন্ডে সাপ্তাহিক রোলকলে উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রাম পুলিশ (চৌকিদার ও দফাদার) সদস্যদের নিয়ে এ ব্রিফিং অনুষ্ঠিত হয়।
এ সময় ওসি গ্রাম পুলিশদের পুলিশের ‘চোখ ও কান’ হিসেবে উল্লেখ করে এলাকায় অপরাধ, সন্দেহজনক ব্যক্তির চলাফেরা, চুরি-ডাকাতি, মাদক, চোরাচালান, বাল্যবিবাহ ও পারিবারিক সহিংসতার তথ্য দ্রুত পুলিশকে জানানোর নির্দেশ দেন।
সীমান্তবর্তী শার্শায় মাদক ও চোরাচালান প্রতিরোধে জিরো টলারেন্স নীতি অনুসরণের কথা জানিয়ে তিনি বলেন, অপরাধীদের সঙ্গে কোনো গ্রাম পুলিশ সদস্যের যোগসাজশ পাওয়া গেলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া রাতে নিজ নিজ এলাকায় পাহারা জোরদার এবং পুলিশের নাইট টহল টিমকে সহযোগিতা করার নির্দেশ দেওয়া হয়। গ্রাম পুলিশ সদস্যরা নিষ্ঠা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের অঙ্গীকার করেন।