ফারুক হোসেন , হালুয়াঘাট প্রতিনিধি: হালুয়াঘাট উপজেলার ধুরাইল মল্লিকবাড়ি জামে মসজিদের মাইক সেট চুরি হয়ে যাওয়ার পর চরম বিপাকে পড়েছিলেন স্থানীয় মুসল্লিরা। মসজিদের নিজস্ব তহবিলেও নতুন মাইক কেনার পর্যাপ্ত অর্থ না থাকায় আজান ও নামায়ের সময়সূচি প্রচার নিয়ে দেখা দেয় অনিশ্চয়তা। কীভাবে দ্রুত এ সমস্যার সমাধান হবে—তা নিয়ে মুসল্লিদের মাঝে যখন গভীর হতাশা বিরাজ করছিল, তখনই পাশে দাঁড়ালেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফয়সাল আহমেদ।
মসজিদ কমিটির সদস্য ও স্থানীয়দের কাছ থেকে বিষয়টি জানার পরপরই তা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করেন ইউএনও। দ্রুততম সময়ের মধ্যে তিনি মসজিদের জন্য একটি নতুন মাইক সেটের ব্যবস্থা করে দেন।
স্থানীয় মুসল্লিরা জানান, এটি কেবল একটি নতুন মাইক সেট পাওয়ার ঘটনা নয়; বরং আল্লাহর ঘরের ইবাদত ও আজানের ধ্বনি নিরবচ্ছিন্ন রাখতে একজন সরকারি কর্মকর্তার এ এক উজ্জ্বল মানবিক দৃষ্টান্ত।
উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদের এ মহান উদ্যোগে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মুসল্লিরা। তাঁরা বলেন, “যে মাইকে ভেসে আসবে আজানের সুমধুর ধ্বনি, সেখানে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে তিনি এক অনুকরণীয় কাজ করেছেন।” মুসল্লিরা আল্লাহর দরবারে প্রার্থনা করেন, মহান আল্লাহ তায়ালা যেন তাঁর এই মহৎ উদ্যোগ কবুল করেন এবং দুনিয়া ও আখিরাতে তাঁকে সম্মানিত করেন।